ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতোর খবর অনুযায়ী, তিউনিসিয়া ও সৌদি আরবের সাবেক কোচ হার্ভে রেনারকে নিয়ে দলগুলোর আগ্রহ এখন তুঙ্গে। দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকাসহ একাধিক দলের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আফ্রিকা ও এশিয়া—দুই মহাদেশের ফুটবলেই কোচ হিসেবে রেনারের ব্যাপক কদর রয়েছে। সৌদি আরবের দায়িত্বে তাঁর সাফল্যের কথা এখনো বারবার আলোচনায় আসে। দুইবার আফ্রিকা কাপ অব নেশনস জেতা এই কোচকে পেতে আগ্রহী দলের কখনোই অভাব হয়নি।
দক্ষিণ কোরিয়ার একাধিক সূত্র জানিয়েছে, হং মিয়ং-বোর উত্তরসূরি হওয়ার দৌড়ে রেনারই সবচেয়ে এগিয়ে। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে দক্ষিণ কোরিয়া বিদায় নেওয়ার পর জাতীয় দলের প্রধান কোচের পদ ছেড়েছেন হং মিয়ং-বো।
একই সময়ে আফ্রিকারও একাধিক দল রেনারকে পেতে আগ্রহ দেখিয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের পদে হুগো ব্রোসের উত্তরসূরি হিসেবে তিনিই প্রথম পছন্দ। তাঁকে নিয়োগে সেনেগালের আগ্রহের খবরও নিয়মিত আসছে। এ ছাড়া ভবিষ্যতে আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচের পদে পরিবর্তন এলে রেনার হবেন দলটির অগ্রাধিকারপ্রাপ্ত প্রার্থী।
আগামী কয়েক দিন কিংবা কয়েক সপ্তাহের মধ্যেই নির্ধারিত হবে রেনারের পরবর্তী গন্তব্য।
এবারের বিশ্বকাপে জরুরি ভিত্তিতে তিউনিসিয়ার দায়িত্ব নেন রেনার; দলের দ্বিতীয় ম্যাচের সময় সাময়িক প্রধান কোচ হিসেবে যোগ দেন তিনি। তবে তাঁর অধীনে তিউনিসিয়া জাপানের কাছে ০-৪ এবং নেদারল্যান্ডসের কাছে ১-৩ গোলে হারে। শেষ পর্যন্ত তিন ম্যাচেই হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তিউনিসিয়া, আর রেনার নিজেই পদ ছাড়ার ঘোষণা দেন।
