গত সপ্তাহে রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে লেভান্তের ২১ বছর বয়সী তরুণ সেন্টার ফরোয়ার্ড এস্পিকে দলে নেওয়ার ঘোষণা দেয়। জানা গেছে, খেলোয়াড়টির সঙ্গে লেভান্তের চুক্তিতে থাকা ২ কোটি ৫০ লাখ ইউরোর রিলিজ ক্লজ সক্রিয় করেছে রিয়াল। এর আগে ফিওরেন্তিনার সঙ্গে রিয়ালের ২-২ গোলের প্রীতি ম্যাচে নতুন ক্লাবের হয়ে অভিষেক হয় তাঁর। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সাবেক ক্লাব লেভান্তেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান এস্পি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এস্পির বার্তা
গত কয়েক দিন খুব ব্যস্ততার মধ্যে কাটলেও বহু বছর ধরে আমার পাশে থাকা এই ক্লাবটিকে বিদায় জানাতে চেয়েছি।
ছোটবেলা থেকেই লেভান্তে আমার ওপর আস্থা রেখেছে। এখানে আমি একজন ভালো ফুটবলার এবং আরও পরিণত মানুষ হিসেবে বেড়ে উঠেছি। এখানেই আমার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল, আর এখন এখান থেকেই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে যাচ্ছি।
এই যাত্রায় যুক্ত সবাইকে ধন্যবাদ দিতে চাই: সতীর্থ, কোচ, কারিগরি কর্মী, ক্লাবের কর্মচারী এবং যাঁরা বিভিন্নভাবে আমাকে সহায়তা করেছেন। আপনাদের ভালোবাসা আমি সব সময় অনুভব করেছি এবং তা চিরকাল হৃদয়ে ধরে রাখব।
অবশ্যই সমর্থকদেরও ধন্যবাদ। সিউদাদ দে ভ্যালেন্সিয়া স্টেডিয়ামে আমার অভিষেকের পর থেকে আপনাদের সমর্থন ও ভালোবাসা কখনো থামেনি। আপনারা সব সময় আমার পাশে ছিলেন এবং এই বছরগুলোতে আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। আমি আপনাদের চিরকাল মনে রাখব। শান্ত হৃদয়ে বিদায় নিচ্ছি, কারণ জানি এই প্রতীক বুকে নিয়ে প্রতিবারই নিজের সর্বস্ব দিয়েছি। এই জার্সি পরতে পেরে আমি অত্যন্ত গর্বিত।
সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ। (সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তা শেষ)
